বাঙালী কণ্ঠ নিউজঃ সাতক্ষীরার ভৈরবনগর ও শ্যামনগরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দু’টি ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ওই বাড়ির দু’জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয় আরো নয় জন। দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। তালা উপজেলার ভৈরবনগরে পৌঁছালে অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি পাশের একটি বাড়িতে ঢুকে খুপড়ি ঘরে সজোরে আঘাত হানে। ঘটনাস্থলে নিহত হন বাড়ির কর্তা তারাপদ মণ্ডলের স্ত্রী গুরুদাসী মণ্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)। এ ছাড়া আহত হন ৪ জন। তাদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সাতক্ষীরা-খুলনা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের সামনে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার স্বামী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জনতা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত লাইলী বেগম (৫২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের শেখ নূর ইসলামের স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী সড়ক দুর্ঘটনায় লাইলী বেগমের মৃত্যু ও তার স্বামীর মারাত্মক জখম হওয়ার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি আটক করা হয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























