বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্রের জাল বিস্তারের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা পঁচাত্তরে বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়েছিল, মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদের দোসর, রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক এখনও চক্রান্ত করছে। কারণ তারা এখনও বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না।
মন্ত্রী কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের বলেন, এদেশে যদি আর কোনদিন রাজাকার সমর্থিত এবং সামরিক সরকার ক্ষমতায় না আসে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
সংবিধানের কোনো আইন হাইকোর্ট যদি বাতিল করে তবে সেক্ষেত্রে সরকার কেন পদত্যাগ করবে এমন প্রশ্ন তুলে ইনু বলেন, বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ তার মত কাজ করেছে। এতে তো গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এর জন্য সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
ইনু বলেন, ৫৭ ধারাটি শেখ হাসিনা প্রদত্ত নয়, সাইবার অপরাধ দমনের আইন, এর সঙ্গে তথ্যমন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এই আইনের মধ্যে অনেক সাংবাদিক জড়িয়ে গেছেন যেটা বিব্রতকর। তবে সাংবাদিকরা হয়রানীর শিকার হচ্ছেন কিনা তথ্যমন্ত্রণালয় খোজঁখবর নিয়ে প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী, ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ আরো অনেকে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























