পবিত্র ঈদুল ফিতরের ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষ হওয়ায় কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ নির্বিঘ্নে পালনের জন্য সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল।
সচিবালয়ে দেখা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকেই অফিসে আসতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে অফিস খোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ফেরার দিনে অফিসে সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কুশল বিনিময় ও কোলাকুলি করছেন। অনেকেই গ্রাম থেকে সরাসরি অফিসে এসে ঈদের আনন্দের রেশ নিয়ে যোগ দিয়েছেন।
ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়ে কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। অফিসের অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে। বিভিন্ন সূত্র জানায়, ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 





















