ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ৪.১ বিলিয়ন ইউরো (প্রায় ৪.৭ বিলিয়ন ডলার) অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে হেরে গেল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত গুগল ও অ্যালফাবেটের আপিল খারিজ করে আগের রায় বহাল রাখে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করে গুগল সার্চকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মামলার সূত্রপাত ২০১৮ সালে। সে সময় ইউরোপীয় কমিশন অভিযোগ করে, অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজারকে ডিফল্টভাবে প্রি-ইনস্টল করার জন্য নির্মাতাদের সঙ্গে বিভিন্ন লাইসেন্সিং শর্ত ও চুক্তি করে গুগল প্রতিযোগিতাবিরোধী আচরণ করেছে।
এর জেরে ইউরোপীয় কমিশন প্রথমে গুগলের ওপর ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করে। পরে নিম্ন আদালত রাজস্ব-বণ্টনসংক্রান্ত কিছু চুক্তির বিষয়ে কমিশনের সিদ্ধান্ত আংশিক বাতিল করলেও প্রতিযোগিতাবিরোধী আচরণের মূল অভিযোগ বহাল রেখে জরিমানা কমিয়ে ৪.১২৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করে।
সর্বশেষ রায়ে ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত বলেছে, নিম্ন আদালত আইনের কোনো ভুল ব্যাখ্যা করেনি। আদালতের মতে, অ্যান্ড্রয়েডে গুগলের প্রি-ইনস্টলেশন শর্ত এবং তথাকথিত ‘অ্যান্টি-ফ্র্যাগমেন্টেশন’ চুক্তিগুলো বাজারে প্রতিযোগিতা সীমিত করেছে এবং নতুন প্রতিষ্ঠানের প্রবেশে বাধা সৃষ্টি করেছে।
আদালত আরও উল্লেখ করেছে, মোবাইল ডিভাইসে আগে থেকেই ইনস্টল থাকা অ্যাপ ব্যবহারকারীদের কাছে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পায়। ফলে শুধু ব্যবহারকারীদের পছন্দ বা গুগলের সেবার মানের কারণে এ অবস্থান তৈরি হয়েছে—গুগলের এই যুক্তি আদালত গ্রহণ করেনি।
এই রায়ের মাধ্যমে ইউরোপে প্রতিযোগিতা আইন নিয়ে গুগলের অন্যতম বড় আইনি লড়াইয়ের সমাপ্তি হলো। একই সঙ্গে ডিজিটাল বাজারে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইইউর কঠোর অবস্থানও আবারও স্পষ্ট হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























