সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়ে তার এই অর্জন শিক্ষা অঙ্গনে নতুন করে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
গত জুলাই মাসে স্কুল প্রাঙ্গণে হাঁটার সময় ‘শ্রাবণের দিনগুলো…’ গানের সঙ্গে ধারণ করা একটি ভিডিও রিলস হিসেবে ফেসবুকে আপলোড করার পর ব্যাপক আলোচনার কেন্দ্রে আসেন বিউটি রানী পাল। নেটিজেনদের একদল এটিকে শিক্ষকের ‘নৈতিকতা লঙ্ঘন’ দাবি করে সমালোচনা করলেও শিক্ষক সমাজ, লেখক, সহকর্মী ও সংস্কৃতিপ্রিয় মানুষজন তার পক্ষে শক্ত অবস্থান নেন। গানটি ব্যবহার করে অনলাইনে অভিনব প্রতিবাদের মাধ্যমে তার প্রতি সংহতিও জানান বহু মানুষ। অনাকাঙ্ক্ষিত হয়রানি এড়াতে পরবর্তীতে ওই শিক্ষিকা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
তবে সব বিতর্ক পেছনে ফেলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে, দীর্ঘদিনের চমৎকার শিক্ষাদান পদ্ধতি, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং সহশিক্ষা কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপই তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী ইতিপূর্বে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ আয়োজনেও সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত চারজন শিক্ষককে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত অন্য শিক্ষকেরা হলেন—সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
গত ২১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই চার শিক্ষকের নাম ও প্রয়োজনীয় তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়।
এদিকে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্য থেকে চূড়াান্তভাবে আরও তিনজন শিক্ষককে বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম।
আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে জাতীয় আয়োজনের অংশ হিসেবে গুণী শিক্ষকদের এ নির্বাচন ও সম্মাননা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























