টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, চলতি সপ্তাহেই নিউইয়র্কে ঘর বাঁধতে পারেন এই তারকা জুটি। যদিও এখন পর্যন্ত বিয়ের বিষয়ে টেইলর বা ট্রাভিস—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে পুরো বিষয়টিই এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ২ থেকে ৪ জুলাইয়ের মধ্যে কোনো একদিন বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে। কেউ বলছেন, ৩ জুলাই; আবার কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাইকে বেছে নিতে পারেন তাঁরা।
বিয়ের সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেন। টেইলর সুইফটের সঙ্গে এই ভেন্যুর দীর্ঘ সম্পর্ক রয়েছে। এখানে একাধিকবার কনসার্ট করেছেন তিনি, এমনকি ৩০তম জন্মদিনের একটি অনুষ্ঠানও উদ্যাপন করেছিলেন।
তবে ভেন্যুর প্রকাশিত অনুষ্ঠানসূচিতে টেইলর-ট্রাভিসের কোনো অনুষ্ঠানের উল্লেখ নেই। তাঁদের পক্ষ থেকেও ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য বিয়ের আনুষ্ঠানিকতা সীমিত পরিসরের একটি নৈশভোজ দিয়ে শুরু হতে পারে, যেখানে প্রায় ১০০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত থাকবেন। মূল বিয়ের অনুষ্ঠানে অতিথি সংখ্যা এক হাজারের কাছাকাছি হতে পারে বলেও দাবি করা হচ্ছে।
এ ছাড়া স্টিভ নিকস, টিম ম্যাকগ্রো, এড শিরান ও পল ম্যাকার্টনির মতো শিল্পীদের সম্ভাব্য পরিবেশনার কথাও আলোচনায় এসেছে। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।
টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশেষ সাজসজ্জার জন্য দুর্গের আদলে একটি বিশাল কাঠামো তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। ভেন্যুর বাইরে ট্রাক, সরঞ্জাম ও কর্মীদের ব্যস্ততা ঘিরেও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও এসব প্রস্তুতি যে টেইলর-ট্রাভিসের বিয়ের জন্যই, এমন কোনো নিশ্চিত তথ্য নেই।
এর আগে শোনা গিয়েছিল, টেইলরের রোড আইল্যান্ডের সমুদ্রতীরবর্তী বাড়িতেই ছোট পরিসরে বিয়ে হতে পারে। তবে ওই এলাকার ওয়েডিং প্ল্যানার নিকোল সিমেরাল পরে জানান, তাঁর উপস্থিতির সঙ্গে টেইলরের বিয়ের কোনো সম্পর্ক নেই। তাঁর মতে, এত বড় আয়োজনের জন্য ওয়াচ হিল খুব একটা বাস্তবসম্মত জায়গাও নয়।
প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে ট্রাভিস কেলসির পরিবারের সদস্য, কানসাস সিটি চিফসের কয়েকজন খেলোয়াড় এবং টেইলরের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডসসহ হলিউডের পরিচিত মুখদের দেখা যেতে পারে। তবে অতিথিদের কেউই এসব তথ্য নিশ্চিত করেননি।
মার্কিন ট্যাবলয়েডগুলোর দাবি, সম্ভাব্য অতিথিদের গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে বলা হয়েছে। কাগজের আমন্ত্রণপত্রের পরিবর্তে ব্যক্তিগত ফোনকলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও খবর। এমনকি অনুষ্ঠানস্থল ও সময়ও শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
২০২৩ সালে টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’ কনসার্টে গিয়ে নিজের ফোন নম্বর লেখা একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট দিতে চেয়েছিলেন ট্রাভিস কেলসি। সেই চেষ্টা ব্যর্থ হলেও পরে নিজের পডকাস্টে ঘটনাটি শেয়ার করেন তিনি। টেইলর পরে জানান, ট্রাভিসের সেই আন্তরিক উদ্যোগই তাঁর দৃষ্টি কেড়েছিল।
এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় দুজনকে। ধীরে ধীরে সম্পর্কটি আরও দৃঢ় হয়। সুপার বোল, ইরাস ট্যুর, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে একসঙ্গে মঞ্চে উপস্থিতি—সব মিলিয়ে তাঁরা হয়ে ওঠেন বিশ্বের অন্যতম আলোচিত তারকা জুটি।
২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্ট দিয়ে বাগ্দানের ঘোষণা দেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
তবে বিয়ের সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা অতিথি তালিকা নিয়ে প্রকাশিত সব তথ্যই এখন পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রনির্ভর দাবি। টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না করা পর্যন্ত এসব তথ্যকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
বিবিসি ও ভ্যারাইটি অবলম্বন

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























