সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, তাঁর বাবা মরহুম ফজলুর রহমান পটল যে পথ ও আদর্শ রেখে গেছেন, সেই পথের পায়ের ছাপ অনুসরণ করেই তিনি এগিয়ে যেতে চান। জীবনের বাকি সময় বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুরে লালপুর কি সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পুতুল।
প্রতিমন্ত্রী বলেন, “আমার বাবা যে পথ রেখে গেছেন, সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই। আমার জীবনের বাকি সময় তাঁর শেষ কাজগুলো করে যেতে চাই। তিনি জনগণের সঙ্গে থেকে কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন—আমিও সেই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করব। আমি কখনো ভাবিনি বাবার অপূর্ণ কাজগুলো আমাকে করে যেতে হবে এবং সেই দায়িত্ব আমার ওপর এসে পড়বে, কিন্তু এখন সেটিই আমার প্রধান দায়িত্ব।”
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরীসহ অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
পুতুল আরো বলেন, তাঁর বাবার রাজনৈতিক ও সামাজিক জীবন ছিল মানুষের কল্যাণে নিবেদিত। সেই আদর্শকে ধারণ করে তিনি মানুষের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চান।
তিনি বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই এবং বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























