রাজধানীর তেজগাঁওয়ে চোর সন্দেহে আটক এক যুবককে (২৫) আনসার সদস্যরা বেধে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, সকালে ওই যুবক দেয়াল টপকে ভেতরে ঢুকলে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধরেন। পরে বেধে মারধর করার পর তিনি অচেতন হয়ে পড়লে অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠানো হয়।
মরদেহের সঙ্গে হাসপাতালে আসা আনসারের সাবেক প্লাটুন কমান্ডার সৈকত আলী জানান, সকালে চুরির উদ্দেশ্যে কয়েকজন যুবক দেয়াল টপকে ভেতরে ঢোকে। ধাওয়া দিলে ওই যুবক এক আনসার সদস্যকে লাঠি দিয়ে আঘাত করেন। সঙ্গীরা পালিয়ে গেলেও ওই যুবক ধরা পড়েন। পরে তাকে ক্যাম্পে নিয়ে বেধে মারধর করা হয় এবং অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জানানো হয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























