২০২১ সালের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমাটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়ালি সিলেকশনে (আঁ সার্তে রিগা) জায়গা করে নিয়েছিল; যা বাংলাদেশি সিনেমার জন্য বিরল ইতিহাস। এরপর আরও নানা উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়, প্রশংসা পায়।
একই বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রেহানা মরিয়ম নূর। তবে এতদিনে টিভিপর্দায় দেখানো হয়নি সিনেমাটি। দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে টিভিপর্দায় আসছে সিনেমাটি।
১ অক্টোবর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে রেহানা মরিয়ম নূর। এদিন চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে বিশেষ আয়োজনের অংশ হিসেবে এই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। ২০২১ সালের ডিসেম্বরেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায়। ফলে অন্তর্জালে আগে থেকেই দেখা যায় এটি।
উল্লেখ্য, প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করেন। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হওয়ার সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন। এরপর থেকে তিনি এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন। রেহানা ক্রমেই একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তার ৬ বছর বয়সি মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন। এভাবেই এগিয়েছে সিনেমাটির গল্প।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও অভিনয় করেন— আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























