নাটকের নতুন জুটি খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বাসার-সাদনিমা জুটির নাটক ‘তোমার ঠিকানায়’। মুক্তির পাঁচ দিনে ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ অতিক্রম করেছে নাটকটি।
তোমার ঠিকানায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। ক্যামেরায় ছিলেন কামরুল ইসলাম শুভ। নাটকটি প্রসঙ্গে পরিচালক সেরনিয়াবাত শাওন বলেন, ‘খায়রুল বাসার-সাদনিমা বিনতে নোমানকে নিয়ে আমি আগেও নাটক নির্মাণ করেছি। খায়রুল বাসার এখন খুব ভালো অভিনয় করছে, প্রতিনিয়ত নিজেকে ভাঙছে। আমার বিশ্বাস, আগামী দিনে আরও ভালো করবে। সাদনিমাও নতুনদের মধ্যে ভালো করছে। তাকে নিয়েও আমি আশাবাদী। তোমার ঠিকানায় নাটকের গল্পটি পরিবারকেন্দ্রিক। তাই দর্শকের ভালো লেগেছে। সে সঙ্গে শিল্পীদের অভিনয়গুণে গল্পটা সহজে কানেক্ট করতে পেরেছে দর্শক।’
সাদনিমা বিনতে নোমান বলেন, ‘তোমার ঠিকানায় একটি পারিবারিক গল্পের নাটক। আগেও বেশ কিছু ফ্যামিলি ড্রামায় কাজ করেছি। তবে সেসব নাটক থেকে এর গল্প কিছুটা হলেও আলাদা। চরিত্রেও আছে ভিন্নতা। তার চেয়ে বড় বিষয় হলো, পরিচালক সেরনিয়াবাত শাওন যেভাবে গল্প ও চরিত্রগুলো নাটকে তুলে ধরেছেন, তাতে দর্শকের মন ছুঁয়ে গেছে।’
নাটকটিতে খায়রুল বাসার-সাদনিমা বিনতে নোমান ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া, মুক্তা চৌধুরী প্রমুখ।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 














