জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।
সংগঠনটির সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।
আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য নবগঠিত কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে।
এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে নিয়ে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।
জুলাই যোদ্ধাদের সংগঠন হিসেবে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে নতুন কমিটি কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























