মিষ্টি রোদে পিচঢালা পথে পাশাপাশি হাঁটছেন চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরী। হাঁটতে হাঁটতেই প্রিয় বন্ধুর কাছে গান শোনার আবদার করলেন শাবনূর। বন্ধুও নিরাশ করলেন না। গেয়ে উঠলেন জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’। সেই গানের সঙ্গে কণ্ঠ মেলালেন শাবনূরও।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিডনিতে কাটানো দুই তারকার এমন আনন্দঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করে শাবনূর লিখেছেন, ‘সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান “অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন” যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুই লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।’ ভালোবাসি তোমাকে ছবিটির পরিচালক মহম্মদ হান্নান আর গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
ভিডিওটি প্রকাশের পর স্মৃতিকাতর হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। প্রিয় দুই তারকার এমন মুহূর্ত দেখে আবেগঘন মন্তব্যে ভরে উঠেছে পোস্টের কমেন্ট বক্স।
মনিরা মনি নামে এক ভক্ত লিখেছেন, ‘যত প্রজন্মই আসুক, আইডল কিন্তু একটাই। নিজেই একটা ব্র্যান্ড শাবনূর।’ মহিম উদ্দিনের মন্তব্যেও উঠে এসেছে পুরোনো দিনের স্মৃতি। তিনি লিখেছেন, শাবনূরের সঙ্গে এভাবে যদি প্রয়াত নায়ক সালমান শাহকে আরেকবার দেখা যেত, তাহলে কতই না ভালো লাগত!
বিলকিস আক্তার নামে একজন লেখেন, ‘আমার প্রিয় নায়িকা ছিলেন আপনি, যখন থেকে অভিনয় ছেড়ে দিয়েছেন তখন থেকে বাংলা সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছে, আপনাকে অনেক মিস করি,আপনার কোন ছবি অংশ দেখলে ছোট বেলার সৃতি মনে করিয়ে দেয় ছবি দেখার জন্য মাঝে মাঝে মায়ের হাতে মার খেতাম। সেই দিন গুলো এখনো মিস করি। ভালো থাকবেন আপু।’
স্মৃতিকাতর মহিম উদ্দিন লেখেন, ‘এইভাবে যদি আপনার সাথে অমর নায়ক সালমান শাহকে আরেকটিবার দেখতে পেতাম, কতই না ভালো লাগত!’এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
মূলত স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তাঁর আসার খবর আগেই পেয়েছিলেন শাবনূর। তাই সময় বের করে একসঙ্গে ঘোরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। শুক্রবার (৯ অক্টোবর) সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নেয়। সিডনির বিভিন্ন মনোরম জায়গা ঘুরিয়ে দেখান শাবনূর। ঘোরাঘুরির ফাঁকে বন্ধুর সঙ্গে গানও গেয়ে শোনান এই অভিনেত্রী।
শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। মজার বিষয় হলো, দু‘জনের জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তারা। ভিডিওতে সেই বন্ধুত্বের কথাও তুলে ধরেছেন শাবনূর।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























