আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠছে দেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর ও খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
একাধিক গোয়েন্দা সংস্থা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টার্গেট করে কিছু জেলায় নাশকতা করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনোবল দুর্বল করতে একযোগে কয়েক জেলায় নাশকতা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটাতে পারে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতাকর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।
গ্রেফতার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ, তাদের মোবাইলের কথোপকথন ও মেসেজ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি সক্রিয় হতে হবে। তা না হলে আগামী দিনগুলোতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।
১৯ নভেম্বরের লকডাউন ঘিরে শঙ্কা
গোয়েন্দা সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের নাশকতার ছক কষা হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যানবাহন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং বিএনপি নেতাকর্মীদের কার্যালয় ও বাড়িঘরে সশস্ত্র হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা করেছে। এমনকি টার্গেট কিলিং ও পোশাক শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা।
নভেম্বরজুড়ে নাশকতার চিত্র
১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদরের দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে এসে জয় বাংলা স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা।
এর আগে চলতি মাসের নাশকতার সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় গোপালগঞ্জে। ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের সর্বাত্মক ধর্মঘট ঘিরে ৯ নভেম্বর রাত থেকেই জেলা শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ ও জেলা স্কুলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন সকালে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কাশিয়ানী ও সদর উপজেলায়ও সংঘর্ষ ও অবরোধের খবর পাওয়া যায়। পুলিশের দাবি, ওই ঘটনায় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গোপালগঞ্জের বাইরেও ঢাকা, চট্টগ্রাম, নাটোর, খুলনা, ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী ও কুড়িগ্রামসহ ২১ জেলায় নাশকতা, সহিংসতা ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
ফরিদপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একজন বাসচালকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। নাশকতার বিভিন্ন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারও করছেন দলটির অনেক নেতাকর্মী।
১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৫৯ জায়গায়
দেশে গত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ৫৯টি। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় মোট মামলা হয়েছে ৩৩টি। গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।
সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
দেশের সীমান্ত জেলার সব পুলিশ সুপার, কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে আইজিপি মো. আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে কড়া নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সীমান্তের ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। সীমান্ত এলাকা হয়ে কারা ইন-আউট করছে, সেদিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখারও নির্দেশনা দেওয়া হয়।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাকে। বিষয়টি আলোচনার জন্ম দেয়।
গ্রেফতারদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ
পুলিশ বলছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ডিসেম্বর এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
ডিএমপির গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোতে টাকা দিয়েছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। আর দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সমন্বয় করে নাশকতা চালাচ্ছেন।
বেশ কয়েকটি নাশকতার ঘটনার তথ্য বিশ্লেষণ করেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, কিছু ঘটনা ঘটানো হয়েছে টাকা দিয়ে লোক ভাড়া করে। আবার কিছু ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন। নাশকতা চালিয়ে আলোচনায় থাকতে চায় দলটি।
টার্গেট গোপালগঞ্জ
গোপালগঞ্জে ১০ নভেম্বর দিনভর সহিংসতা ও ভাঙচুর হয়। পুলিশ বলছে, সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেন। এরপর গত রোববারও সেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও পুলিশ পাঠানো হবে। পুলিশের পাশাপাশি সেখানে ১০ প্লাটুন বিজিবি এবং বিপুলসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন আছেন। এছাড়া ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলা পুলিশ ঢাকা রেঞ্জের অধীন। এসব জেলায় পুলিশের প্রস্তুতির কথা জানতে চাইলে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতু, চার জেলার মহাসড়ক এবং পৌর এলাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
তিনি বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।’
সহিংসতার পর ডিসি-এসপি বদলি
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর জেলা প্রশাসক (ডিসি) আরিফ-উজ-জামান, পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ ও জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে গেছেন বলে গোয়েন্দা তথ্য আছে। বিদেশ থেকে তাদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও আছে।
সূত্রটি বলছে, বলপ্রয়োগ করতে গেলে প্রাণহানির আশঙ্কা থাকে, আর প্রাণহানি হলে আওয়ামী লীগ ভুক্তভোগী সাজার সুযোগ পাবে। সরকার সে সুযোগ দিতে চায় না। তবে কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হতে সরকার পিছপা হবে না।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, ‘ডিসেম্বরে রাজনৈতিক আন্দোলন ও তৎপরতা আরও আসবে। তবে সেগুলো কীভাবে সামনে আসবে তা বলা কঠিন। একটি বড় দল মাটির নিচে চলে গেছে। এখন তারা যদি কিছু না করে, তাহলে তাদের অস্তিত্বই তো প্রশ্নের মুখে পড়বে।’
তিনি বলেন, ‘কিন্তু সেই কৌশল তো এভাবে হতে পারে না। এটি জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই কৌশল দিয়ে দেশে মারামারির পরিস্থিতি তৈরি হবে, তাতে লাভ হবে না। নাশকতার সঙ্গে জড়িতদের কর্মকাণ্ড থেকে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়।’
গণহারে গ্রেফতার না করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের ধরা উচিত জানিয়ে তিনি বলেন, ‘গণহারে গ্রেফতার করতে গেলে নিরপরাধ মানুষও গ্রেফতার হতে পারেন। এতে দু-একজন নিরপরাধ মানুষকে শত্রু বানিয়ে ফেলা হয়।’
কয়েকটি জেলার পুলিশ সুপার জানান, নির্দেশনা মোতাবেক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন, এমন সম্ভাব্য স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে একাধিক নেতাকর্মী গ্রেফতারের তথ্যও জানিয়েছেন কয়েকজন এসপি।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা মাঠে আছি। অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’
রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রল অব্যাহত রয়েছে।’
সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহী এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, সারা দেশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সব ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার মনিটরিং ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রতিটি নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর।’

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 





















