প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাবেক সরকারপ্রধান হিসেবে তার জন্য বিশেষ প্রটোকলের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা করেন একদল ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে, বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িতদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে চিহ্নিত করা হয়। শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ব্যক্তি হলেন ড. ইউনূস। তার মতো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে দেশের বাইরে হেনস্তার মতো ঘটনা যেন আর না হয় সে বিষয়ে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট। বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে তাদের কাছ থেকে পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























