প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা যাহের আলভী। স্ত্রীকে হারানোর শোক, স্মৃতি, অভিমান আর সন্তান রিযিককে ঘিরে নতুন করে বেঁচে থাকার লড়াইয়ের কথা উঠে এসেছে তাঁর লেখায়।
স্ট্যাটাসে আলভী লিখেছেন, ইকরা না থাকলেও স্বাভাবিক নিয়মেই চলছে তাঁর জীবন। তিন বেলা খাওয়া, গান শোনা, শুটিং করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ—সবই করছেন তিনি। কিন্তু স্ত্রীর অনুপস্থিতি তাঁকে প্রতিনিয়ত ভাবায়। অনেকের প্রত্যাশা, ইকরার চলে যাওয়ায় তাঁর জীবন থেমে যাবে। তবে সন্তান রিযিকের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই নিজেকে সামলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
ইকরার উদ্দেশে আলভী আরও লেখেন, তাঁদের বন্ধুত্ব ছিল তাঁর কাছে ভীষণ প্রিয়। নিজের পরিবার ও সন্তানকে সামলে ইকরার রেখে যাওয়া আমানত রিযিককে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন তিনি। এ জন্য স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেতা।
স্ত্রীকে স্মরণ করে আলভী জানান, নামাজের বিছানায় মোনাজাতের সময় ইকরা থাকেন তাঁর ভাবনার প্রথম সারিতে। শত অভিমান থাকলেও ভালোবাসায় কোনো ক্লেশ নেই। একদিন আবার দেখা হবে—এই বিশ্বাস নিয়ে প্রিয় মানুষের সঙ্গে বাকি আড্ডা ভবিষ্যতের জন্য তুলে রেখেছেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে ইকরার আত্মার শান্তি কামনা করে আলভী লিখেছেন, তাঁর জন্মদিন উপলক্ষে অনেকে কোরআন তিলাওয়াত ও দোয়া করবেন। পাশাপাশি প্রয়াত স্ত্রীর কাছে তাঁদের সন্তান রিযিককে দেখে রাখার আকুতিও জানিয়েছেন তিনি।
ইকরাকে হারানোর শূন্যতা আর রিযিককে ঘিরে বেঁচে থাকার প্রত্যয়—যাহের আলভীর এই আবেগঘন লেখায় উঠে এসেছে ভালোবাসা, বিচ্ছেদ ও দায়িত্ববোধের এক গভীর অনুভূতি।
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা চলতে বছরের ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) মারা যান। রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ওই দিন দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























