আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫৩০টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের আসরে নিবন্ধন করেছে ১৬ লাখের বেশি প্রতিযোগী। দাবাসহ মোট ১০টি ক্রীড়া ইভেন্টে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয়—এই চার পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে গত ২৫ অক্টোবর খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় আসরে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবার রেকর্ড ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। যেখানে প্রথম আসরে ছিল ১ লাখ ৬৮ হাজার। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে এবং সারাদেশ থেকে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এতে অংশ নেবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, বিভাগ অতিক্রম করে আগামী বছরের মে বা জুনে জাতীয় পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























