ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাজধানীর মহাখালী থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে বা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই কর্মকর্তা।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তিনি জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন।
ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 






















