ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজাসহ দেশের বিভিন্ন স্পশকাতর স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে একের পর পর মিছিল-বিক্ষোভ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা। ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে সুনামগঞ্জে ব্যানার টানিয়ে সমাবেশ করে আবারো ফিরে গেছে পলাতক আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোটের রনজিত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও নির্দেশণা না থাকায় আইন শৃংখলা বাহিনী থেকেছে নীরব দর্শক।
পুলিশ, বিজিবি, এসআরবি ও গোয়েন্দা সংস্থাগুলোর নাকের ডগায় ফ্যাসিস্টদের কর্ম সমাবেশ, বিক্ষ্ভো মিছিল, বোমা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন-হামলার ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ভিডিও থাকলেও জড়িতদের গ্রেফতার বা প্রতিরোধে অনেকটাই নিস্ক্রিয় আইন-শৃংখলা বাহিনী। যে সব স্থানে হামলা, অগ্নিসংযোগ, বোমা-ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটছে তার প্রতিটি ঘটনাস্থল রয়েছে সিসিটিভির আওতায়। এর পরেও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে ব্যর্থ পুলিশসহ সকল সংস্থার কর্মকর্তারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে প্রশ্ন উদ্বিগ্ন মানুষের।
একাধিক সূত্র বলছে, কখনও ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনও চলন্ত বা পার্ক করা বাসে আগুন। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক এসব সহিংস ঘটনা ঘটিয়ে অনায়াসে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েক দিন ধরে সংঘটিত এসব ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। একই সঙ্গে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো নিস্ক্রিয়?
অপরাধ বিশ্লেষকদের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও নির্দেশণা না থাকায় পুলিশ, বিজিবি, এসআরবি ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। গোয়েন্দা সংস্থার আগাম তথ্যের অভাবে পূর্ব প্রস্তুতি নিতে পারছেন না মাঠ পর্যায়ের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ এবং মানুষের নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে কার্যকর তৎপরতা প্রয়োজন। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে থানার সামনে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা অপরাধীদের বেপরোয়া আচরণের ইঙ্গিত দিচ্ছে। এর আগে দেশের বিভিন্ন স্থানে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বলেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব ঘটনার কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করি না। ঘটনা ঘটছে, জড়িতরা ধরাও পড়ছে। এরপরও কেউ কেউ বেপরোয়া আচরণ করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এখনও পর্যন্ত এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের বিপদসংকেত বলে মনে হচ্ছে না।
থানা ও পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ সদস্যদের ওপর হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীরা হয়তো পুলিশকে দুর্বল মনে করছে। তারা ভাবতে পারে, এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভাঙা যেতে পারে। পুলিশের ওপর হামলার পেছনে এটি একটি কারণ হতে পারে। এর বাইরে নির্দিষ্ট কোনও কারণ আমার জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, সেটি তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কিংবা সক্রিয় হওয়ার প্রসঙ্গটি রাজনৈতিক আলোচনায় রয়েছে। ফলে অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্বের জায়গা থেকে সক্রিয় হতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে আরও বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। তাই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
লিশ সূত্রে জানা গেছে, গত দুদিনে ঢাকায় অন্ততঃ ৩০টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ভবনের সামনে পার্কিং করে রাখা গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি পুলিশ।
তবে গত রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা মোট পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। গত সোমবার ঢাকার সিএমএম কোর্টের সামনের রোডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী ফয়সাল ও সুকুমার হালদার নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ নভেম্বর রোববার পল্লবী থানা প্রাঙ্গণ মিরপুরের সনি সিনেমা হলের সামনে, মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে, ক্যান্টনমেন্ট রেলস্টেশন, তেজগাঁও, ভাটারা, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণ, ইউল্যাব স্কুল, সেনেট ভবনের সামনে, আধুনিক ভাষা ইন্সটিটিউট, টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের সড়ক ও সুফিয়া কামাল হলের সামনে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ৯টি স্থানে একের পর এক ককটেল বিস্ফোরিত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে উত্তরা ও নীলক্ষেত এলাকায় জয়বাংলা শ্লোগান দিয়ে কয়েকটি স্থানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে সিআইডি-এসবির কার্যালয়ের সামনে ককটেল মারে। এসব ঘটনায় ১৫ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপি ডিসি (মিডিয়া) আকতার হোসেন বলেন, গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টাকালে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বোমা বিস্ফোরণ সংক্রান্ত প্রতিটি ঘটনায় জিডি কিংবা মামলা হয়। তবে এ সংক্রান্ত ঢাকায় মোট মামলা এবং গ্রেফতারের সংখ্যা তার জানা নেই। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালাচ্ছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























