কারও ন্যায়বিচারে বাধা দেব না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ বুধবার (২৫ মার্চ) নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, কোনও নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে কাজ করব। নাগরিকের দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকব।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এরপর থেকেই আইন অঙ্গনে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল। আলোচনায় ছিলেন কয়েকজন আইনজীবীর নাম। অবশেষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























