সংযুক্ত আরব আমিরাতের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দপ্তর এবং গুগল জেমিনির যৌথ উদ্যোগে দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে ‘গুগল এআই প্লাস’ সাবস্ক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা গুগল জেমিনিসহ অন্যান্য এআই প্রযুক্তি ও আধুনিক টুল ব্যবহারের সুযোগ পাবেন।
সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল দক্ষতা ও প্রয়োজনীয় প্রযুক্তিতে দক্ষ করে তোলা, যাতে তারা দায়িত্বশীল ও কার্যকর উপায়ে এআই ব্যবহার করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও অর্জিত সক্ষমতাগুলোকে কাজে লাগাতে পারে। এই পদক্ষেপে জাতীয় সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ অর্থনীতির প্রয়োজনীয়তার আলোকেই তরুণ প্রজন্ম প্রস্তুত হতে পারবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিমন্ত্রী ওমর সুলতান আল ওলামা জানিয়েছেন, আমিরাতের নেতৃত্ব এমন একটি দূরদর্শী নীতি গ্রহণ করেছে যা ভবিষ্যৎ নির্মাণের যাত্রায় মানুষকে কেন্দ্রবিন্দুতে রাখে। তিনি জানান, নতুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও সুযোগ দিয়ে ক্ষমতায়ন করার এই ধারাবাহিক বিনিয়োগ দেশটির উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং ভবিষ্যৎ রূপকল্প প্রণয়নে আমিরাতকে বৈশ্বিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে। মন্ত্রী আরও বলেন, আগামী দিনে কেবল এআই টুলের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং কীভাবে এগুলোকে শিক্ষা ও গবেষণার কাজে দায়িত্বশীলতার সাথে প্রয়োগ করা যায় সে বিষয়ে আরও গভীর বোধগম্যতা তৈরি করাই এখন প্রধান লক্ষ্য।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক মডেল ও টুলের সাহায্যে শক্তিশালী করা এবং এ সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করাটা তাদের মাঝে নিরন্তর শিক্ষা, অনুসন্ধান ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তুলবে। এটি তাদের জ্ঞানের দিগন্তকে সম্প্রসারিত করার পাশাপাশি নতুন নতুন সমাধান উদ্ভাবন করতে সক্ষম করবে। এআই উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দেবে।
এই ‘গুগল এআই প্লাস’ প্ল্যানটির অধীনে শিক্ষার্থীরা পড়াশোনা, বিষয়ভিত্তিক গবেষণা এবং কনটেন্ট তৈরির জন্য বেশ কিছু অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করতে পারবেন।
এই প্যাকেজের অন্তর্ভুক্ত অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ছবি ও ভিডিও তৈরির টুল। পাশাপাশি রয়েছে ‘জেমিনি নোটবুক’ সেবা, যার মাধ্যমে একাডেমিক বিষয়াবলী ও তথ্যের সাথে সক্রিয় যোগাযোগ স্থাপন, সংক্ষিপ্ত বিবরণী তৈরি ও সংবেদনশীল ইন্টারেক্টিভ অডিও সুবিধা উপভোগ করা যাবে। এছাড়া প্রতিটি অ্যাকাউন্টের জন্য শিক্ষার্থীরা ৪০০ গিগাবাইট স্টোরেজ সক্ষমতা পাবেন।
গুগল এবং সংযুক্ত আরব আমিরাতের এআই দপ্তরের যৌথ অংশীদারিত্বের আওতায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত ভার্চুয়াল ও সরাসরি উপস্থিতি নির্ভর প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। এই প্রশিক্ষণগুলোর মূল লক্ষ্য হবে ‘জেমিনি’ এবং ‘জেমিনি নোটবুক’ ব্যবহার করে গবেষণা ও পড়াশোনার গতি বাড়ানো এবং একই সাথে এআই প্রযুক্তির দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা।
ঘোষণা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অধ্যয়নরত ১৮ বছর বা তার বেশি বয়সী নিবন্ধিত যেকোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এই এক বছরের ফ্রি প্ল্যানের সুবিধা নিতে পারবেন। তবে এই অফারটি গ্রহণ করার জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে। এআই দপ্তরের সাথে যৌথভাবে ২০২৪ সালে শুরু হওয়া ‘এআই ফর অল’ কর্মসূচির আওতায় এই প্রকল্পটির কাজ চলছে।
সূত্র: খালিজ টাইমস

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























