অ্যাপ নির্মাতাদের কাছ থেকে অতিরিক্ত কমিশন আদায় করে বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগে গুগলের বিরুদ্ধে ১ বিলিয়ন পাউন্ডের বেশি (প্রায় ১.৩৩ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দাবি করে মামলা শুরু হয়েছে লন্ডনে।
মঙ্গলবার লন্ডনের কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শুরু হয়। মামলাটি করা হয়েছে প্রায় ২ কোটি ভোক্তার পক্ষে। ২০১৫ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে অ্যাপ কেনা অথবা অ্যাপের ভেতরে বিভিন্ন কেনাকাটা ও সাবস্ক্রিপশনের জন্য অর্থ পরিশোধ করা গ্রাহকদের এই মামলার আওতায় আনা হয়েছে।
ভোক্তা অধিকারকর্মী লিজ কলের নেতৃত্বে করা মামলার আইনজীবীরা অভিযোগ করেছেন, গুগল তার প্রভাবশালী অবস্থানের সুযোগ নিয়ে প্লে স্টোরের মাধ্যমে অ্যাপ কেনা, অ্যাপের ভেতরের কেনাকাটা ও সাবস্ক্রিপশনের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করেছে।
তাদের দাবি, গুগলের এই অতিরিক্ত কমিশনের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপিয়ে দিয়েছেন অ্যাপ নির্মাতারা। এর উদাহরণ হিসেবে তারা ইউটিউব প্রিমিয়ামের কথা উল্লেখ করেছেন। গুগল যখন অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে ইউটিউব প্রিমিয়াম বিক্রি করেছে, তখন অ্যাপলকে দেওয়া কমিশনের খরচও গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে মামলায় দাবি করা হয়েছে।
তবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট অভিযোগগুলো অস্বীকার করে মামলা মোকাবিলা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, মামলাটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ভোক্তাদের যে ধরনের পছন্দের সুযোগ দেয়, তা উপেক্ষা করছে। পাশাপাশি গুগলের দাবি, তাদের কমিশন বাজারের সবচেয়ে কম হারগুলোর মধ্যে রয়েছে।
গুগলের আইনজীবীরা আদালতে বলেন, লিজ কলের করা মামলার কোনো ভিত্তি নেই। তাদের দাবি, অ্যাপ নির্মাতা ও ভোক্তা উভয় পক্ষ থেকেই প্লে স্টোর শক্তিশালী প্রতিযোগিতার মুখোমুখি। এর মধ্যে রয়েছে অ্যাপলের অ্যাপ স্টোর এবং অন্যান্য বিকল্প প্ল্যাটফর্ম।
গুগলের বিরুদ্ধে এই মামলাটি এমন এক সময়ে শুরু হলো, যখন ব্রিটেনে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একের পর এক মামলা চলছে। অ্যাপল ও সনির বিরুদ্ধেও তাদের অ্যাপ স্টোর ও প্লেস্টেশন স্টোরের কমিশন নিয়ে একই ধরনের মামলা হয়েছে। ওই দুই ক্ষেত্রেও সর্বোচ্চ ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।
গুগলের অ্যাপ স্টোরের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার তদন্ত ও আইনি লড়াই চলছে। ‘ফোর্টনাইট’ নির্মাতা এপিক গেমসের সঙ্গেও গুগলের দীর্ঘ আইনি বিরোধ রয়েছে। লন্ডনে এপিকের করা মামলাটিও কলের মামলার সঙ্গে একই সময়ে শুনানির জন্য নির্ধারিত ছিল।
তবে চলতি বছরের মার্চে গুগল ও এপিক বিশ্বব্যাপী একটি সমঝোতায় পৌঁছায়। ওই সমঝোতার আওতায় গুগল বিল পরিশোধের বিকল্প পদ্ধতি বাড়ানো এবং অ্যাপ নির্মাতাদের কাছ থেকে নেওয়া ফি কমানোর কথা জানায়।
এর আগে গত মাসে অ্যাপ নির্মাতাদের পক্ষে করা আরেকটি মামলাও ২৬ কোটি পাউন্ডে নিষ্পত্তি করে গুগল। তবে ওই সমঝোতায় কোনো দায় বা অনিয়ম স্বীকার করেনি প্রতিষ্ঠানটি।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























