বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে ঢাকার সিএমএম আদালতকে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। তার বিরুদ্ধে করা ৯ মামলায় জামিন আবেদন গ্রহণ ও শুনানি করতে বলেছেন। তবে বিচারিক আদালত জামিন আবেদন গ্রহণ না করার বিষয়ে রিট করা যাবে কি-না, এ বিষয়ে শুনানির জন্য ১৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন তার জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পল্টন ও রমনা থানায় এ নয়টি মামলা করা হয়। মামলায় পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় বেআইনি জমায়েত, যানবাহন ভাঙচুর, সংঘর্ষ, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষয়ক্ষতি, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























