দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই সদস্যবিশিষ্ট ইইউ বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্ন। আর আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইইউ দল বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। কথা হয়েছে বিএনপির নির্বাচন পণ্ডের সহিংসতা নিয়ে। বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনের জবাব দিচ্ছে সহিংসতা করে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভয়-ভীতি আছে, তারপরও বলছি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।’
এ সময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করায় আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার ও স্থগিতাদেশ নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘দলীয় যে কেউ স্বতন্ত প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারে। এখানে দোষের কিছু নেই। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার জেলা-উপজেলা কমিটির নেই। তারা শুধু কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারে।’

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























