সেমিফাইনালে উঠেই প্রতিপক্ষ ফ্রান্সকে এক প্রকার হুমকি দিয়ে রাখলেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। ফ্রান্সকে সতর্ক করে দিয়ে এই তারকা বলছেন “ফ্রান্স যদি কাউকে ভয় পায়, সেটা আমরা।”
ইয়ামাল এখন পর্যন্ত ছয় ম্যাচে এক গোল করেছেন, আসছে সোমবার তিনি ১৯ বছরে পা দেবেন। বয়স ১৯ হওয়ার আগেই বিশ্বকাপে ৬ ম্যাচ খেলা প্রথম ফুটবলার তিনি।
লস অ্যাঞ্জেলসে শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে স্পেন। ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। তবে ম্যাচজুড়ে আলো ছড়িয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ইয়ামাল।
সেমিফাইনালে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ফ্রান্স, যারা বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে।
এটি হবে গত তিন বছরে স্পেন–ফ্রান্সের তৃতীয় বড় লড়াই। এর আগে ২০২৪ ইউরো সেমিফাইনাল ও ২০২৫ নেশনস লিগে ফ্রান্সকে হারিয়েছে স্পেন।
স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ সেমিফাইনাল এটি। প্রথমবার ২০১০ সালে তারা শিরোপা জিতেছিল।
ফ্রান্স টানা তৃতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলছে—২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্স-আপ।
বেলজিয়াম ম্যাচ শেষে সেমিফাইনালের প্রতিপক্ষ প্রসঙ্গে ইয়ামাল বলেন, “আমরা তাদের দুইবার হারিয়েছি। আমরা ভয় পাই না। আসলে আমি মনে করি আমরা দুজনই বিশ্বকাপের সেরা দল। দেখা যাক কী হয়।”
গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে ড্র, এরপর সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে জয় পায় স্পেন। নকআউটে অস্ট্রিয়াকে সহজে হারালেও, পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তে মেরিনোর গোলেই জয় নিশ্চিত হয়।
কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, “আমরা জানি ফ্রান্স কতটা শক্তিশালী। কিন্তু আমরা আগেও তাদের সেমিফাইনালে হারিয়েছি। এবারও সেরা পারফরম্যান্স দিতে হবে।”
এই সেমিফাইনালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে—স্পেন ইতিহাস গড়তে চাইছে, আর ফ্রান্স চাইছে ধারাবাহিকতা বজায় রাখতে। আর্লিংটনের ডলাস স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























