‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঠিক হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, উনি (আইজিপি) সহজ-সরল মানুষ। অসতর্কতাবশত বলে ফেলেছেন।
তিনি বলেন, সরকারের অনুমতি পেলে ‘ক্রসফায়ার’ করার বিষয়ে পুলিশপ্রধানের বক্তব্য সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না।
সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, ‘উনি (আইজিপি) সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
তিনি বলেন, ‘সরকার ক্রসফায়ার চায় না। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না, এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) সহ্য করবে না। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে যা যা দরকার, সরকার সব করবে।’
তিনি আরও বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। এই নীতি সমুন্নত রাখা জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।’
এদিকে নানান সমালোচনার মুখে আইজিপির বক্তব্যের বিষয়ে পুলিশ সদরদপ্তর এক ব্যাখ্যায় জানায়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার পক্ষে কথা বলতে চাননি। আইন মেনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাই তিনি বোঝাতে চেয়েছেন।
এছাড়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে বলেছে, আইজিপির বক্তব্যকে বিদ্যমান আইন ও বিধিবিধানের পরিপ্রেক্ষিতে বুঝতে হবে।
আইজিপির বক্তব্যের ব্যাখ্যায় সংগঠনটি জানায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশের আত্মরক্ষার প্রয়োজনীয়তা ও সক্ষমতা তুলে ধরাই ছিল তার বক্তব্যের মূল উদ্দেশ্য। অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান বোঝাতে তিনি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন। তাই বক্তব্যটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোষণা কিংবা আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার বক্তব্য হিসেবে ব্যাখ্যা না করে সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করা প্রয়োজন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























