জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে সংশোধনের ধরন ও ভুলের মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রে ভিন্নতা থাকতে পারে। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা জরুরি।
নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
এনআইডিতে নিজের নামের বানান বা আংশিক সংশোধনের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদসহ নামের সঠিকতা প্রমাণ করে এমন নথি প্রয়োজন হতে পারে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কাবিননামা কিংবা স্বামী বা স্ত্রীর এনআইডির অনুলিপিও জমা দেওয়া যেতে পারে।
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি চাওয়া হতে পারে। এ ধরনের আবেদনে মূল কাগজপত্রসহ ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার প্রয়োজনও হতে পারে।
বাবা-মায়ের নাম সংশোধনে যা লাগবে
এনআইডিতে বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা সম্পূর্ণ নাম সংশোধনের জন্য শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের এনআইডির অনুলিপি এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণপত্র জমা দিতে হতে পারে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























