বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যেই আলোচনায় এসেছেন আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা একটি গয়নার ছবি। ওই গয়নায় আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।
২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। সে সময় ভারতীয় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা বিশেষ একটি গয়না পরেছিলেন তিনি। গয়নাটিতে ছিল আরবি ভাষায় লেখা ঐতিহ্যবাহী একটি আশীর্বাণী।
সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গহনাটি। বৈশ্বিক রিসোর্ট ফ্যাশন সিরিজের এই সংগ্রহে ভারতীয় ঐতিহ্যকে আধুনিক নকশায় তুলে ধরা হয়েছিল। পশ্চিমা পোশাকের সঙ্গে দীপিকা পরেছিলেন ‘লখনউ রোজ’ নামের একটি বিশেষ নেকলেস। রত্নপাথর ও অপরিশোধিত হীরায় তৈরি এই গয়নাটিতে ছিল মহারানি নেকলেসের নকশার ছাপ। এর একটি পাথরে খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি।
সে সময় দীপিকার ফ্যাশন অনুষঙ্গ হিসেবে আলোচনায় এলেও কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কারিনার পান্নার লকেট ঘিরে বিতর্ক
২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেটকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ৩০ ক্যারেটের ওই পান্নার লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে।
দীপাবলির অনুষ্ঠানে কারিনা পরেছিলেন ডিজাইনার পুনিত বালানার নকশা করা রুপালি গোটাপট্টির কাজের পোশাক। এর সঙ্গে ছিল মানানসই বেইজ রঙের পাগড়ি। পুরো সাজের অন্যতম আকর্ষণ ছিল প্রাচীন নকশার পান্নার লকেটটি। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের।
এ নিয়ে গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তার আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে হাফিজ স্পষ্ট করেছেন, কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। মুসলিম সম্প্রদায়ের কাছে আয়াতুল কুরসি অত্যন্ত মর্যাদাপূর্ণ। ধর্মীয় প্রার্থনার অংশ হিসেবেও এটি পাঠ করা হয়।
নোটিশে কারিনা ও রিয়া কাপুরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই লকেটসংবলিত ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।
ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার
কারিনার পরা পান্নার লকেটটি সাধারণ কোনো গয়না নয়। এটি ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পদ বলে জানা গেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে ভোপালের শাসনভার সামলানো বেগমদের পরিবারের সঙ্গে গয়নাটির সম্পর্ক রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে গয়নাটি সাইফ আলী খানের পরিবারের কাছে আসে। সাজিদা সুলতান ছিলেন সাইফের পিতামহী। সাইফকে বিয়ের পর কারিনারও পতৌদি পরিবারের রাজকীয় গয়নার সংগ্রহ ব্যবহারের সুযোগ তৈরি হয়।
কারিনার পাশে ভোপালের কয়েকটি সংগঠন
আইনি নোটিশ ঘিরে বিতর্কের মধ্যে কারিনার পাশে দাঁড়িয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি কারিনার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি কারিনা কাপুর খান কিংবা তার স্টাইলিস্ট রিয়া কাপুর।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























