স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ ব্যবহারের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ চার্জিং ক্যাবল। অথচ প্রতিদিন ব্যবহার করলেও এর যত্ন নেওয়ার বিষয়টি অনেকেই গুরুত্ব দেন না। ফলে কিছুদিনের মধ্যেই ক্যাবলে সমস্যা দেখা দেয়। কখনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কখনো চার্জ হতে চায় না। অনেকে মনে করেন, ক্যাবল গোল করে পেঁচিয়ে রাখলে কিংবা বেশি পেঁচিয়ে ফেললে সেটি দ্রুত নষ্ট হয়। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ক্যাবল নষ্ট হওয়ার পেছনে এর চেয়ে বড় কারণ রয়েছে। বিশেষ করে ক্যাবলের সংযোগস্থলে অতিরিক্ত চাপ ও বারবার বাঁকানো এর স্থায়িত্ব কমিয়ে দেয়।
তার মতে, চার্জিং ক্যাবল গোল করে পেঁচিয়ে রাখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ভুলভাবে পেঁচিয়ে রাখার কারণে ক্যাবল নষ্ট হওয়ার প্রমাণ তারা পাননি। তবে ক্যাবল ব্যবহারের সময় কিছু অভ্যাস এর আয়ু কমিয়ে দিতে পারে।
সংযোগস্থলে চাপ দেওয়া
আইফিক্সিটের সহপ্রতিষ্ঠাতা কাইল উইয়েন্স বলেন, অধিকাংশ ক্ষেত্রে ক্যাবল নষ্ট হয় তার ও প্লাগের সংযোগস্থলে। ক্যাবলের ভেতরে ইনসুলেশন দিয়ে মোড়ানো ছোট ছোট ধাতব তার থাকে। প্লাগের কাছে সংযোগস্থলে বারবার বাঁক পড়লে এসব তার ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রবার্ট হায়ার্স জানান, একই জায়গায় বারবার বাঁক পড়লে ধাতুর ভেতরে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন ঘটে। এতে ধাতু ধীরে ধীরে শক্ত ও ভঙ্গুর হয়ে একপর্যায়ে ভেঙে যায়। ক্যাবলের ভেতরের তারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।
বিশেষজ্ঞরা কয়েকটি অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। যেমন:
– ক্যাবল টেনে প্লাগ খুলবেন না। বরং প্লাগের অংশ ধরে সংযোগ বিচ্ছিন্ন করুন।
– সকেট দূরে থাকলে ক্যাবল টানটান করে ব্যবহার করবেন না। প্রয়োজন অনুযায়ী লম্বা ক্যাবল নিন।
– বিছানায় শুয়ে ফোন চার্জ দেওয়ার সময় ক্যাবল বেশি বাঁকিয়ে ব্যবহার করবেন না।
– গাড়িতে ফোন চার্জ দেওয়ার সময় ফোনের ওজন যেন ক্যাবলের সংযোগস্থলে চাপ সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখুন।
ব্রেইডেড ক্যাবল ব্যবহার করুন
বিশেষজ্ঞদের মতে, ক্যাবল খুব শক্ত করে পেঁচিয়ে রাখা ঠিক নয়। তবে স্বাভাবিকভাবে গোল করে গুছিয়ে রাখলে সাধারণত সমস্যা হয় না। মূলত সংযোগস্থলে অতিরিক্ত চাপ ও বাঁক এড়িয়ে চলাই গুরুত্বপূর্ণ।
এ ছাড়া সস্তা ও নিম্নমানের ক্যাবল কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা। তুলনামূলক ভালো মানের ক্যাবল কিনলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। বিশেষ করে ব্রেইডেড ক্যাবল বেছে নেওয়া যেতে পারে। এসব ক্যাবলের বাইরের অংশ প্লাস্টিকের পরিবর্তে শক্ত বোনা নাইলন বা কাপড়ের আবরণ দিয়ে তৈরি। ফলে ভেতরের তার তুলনামূলক ভালো সুরক্ষা পায়।
কাইল উইয়েন্স জানান, অ্যাপলও তাদের সাম্প্রতিক কিছু মডেলের সঙ্গে ব্রেইডেড ক্যাবল ব্যবহার করছে। কারণ এ ধরনের ক্যাবলের আবরণ বেশি শক্তিশালী এবং সুরক্ষাও ভালো দেয়।
বিশেষজ্ঞদের মতে, চার্জিং ক্যাবলের যত্ন নেওয়া শুধু বারবার নতুন ক্যাবল কেনার খরচই কমায় না, ইলেকট্রনিক বর্জ্য কমাতেও ভূমিকা রাখে। তাই ছোট এই অনুষঙ্গটির ব্যবহার ও সংরক্ষণে একটু সচেতন হওয়াই যথেষ্ট।
সূত্র: বিবিসি

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























