বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ (১ জানুয়ারি) দেশজুড়ে বই উৎসব পালিত হচ্ছে। ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই দিচ্ছে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল সাড়ে ১০টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বই উৎসব কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই বিতরণ করা হচ্ছে।
রাজধানীর কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব পালিত হচ্ছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎসবে উপস্থিত থাকবেন। খবর বাসস।
৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব কর্মসূচির উদ্বোধন করেন।
ন্যাশনাল কারিক্যুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানিয়েছেন, সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বই উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০১৮ শিক্ষা বর্ষের শুরুতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ইবতেদায়ী, দাখিল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই ছাপানো, বাঁধাই করে জেলা উপজেলায় পাঠানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ৯৬৩ শিক্ষার্থীর জন্য ব্রেইল পদ্ধতির ৮ হাজার ৪০৫ কপি বই বিতরণ করা হবে।
তিনি জানান, ২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, গারো, সাদরি ও ত্রিপুরাদের জন্য ২৫ হাজার ৩৫৭ জন্য শিক্ষার্থীর মাঝে ৭৯ হাজার ৯৯২ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। এছাড়াও প্রাপ-প্রাথমিক স্তরে ৩২ হাজার ৯৪৯ শিক্ষার্থীর জন্য ৬৯ হাজার ২৮৪ কপি মাতৃভাষায় রচিত পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে।
[youtube https://www.youtube.com/watch?v=wyyMDPDccHM]

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























