গণতন্ত্র উত্তরণে বিরোধীদলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করার জন্য সম্পাদকদের সাহায্য কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক বিরোধিতার পরামর্শ দিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতের আমির এ সাহায্য চেয়েছেন।
শফিকুর রহমান বলেন, আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। সংসদকে সব কর্মকান্ডের মূল জায়গা করতে চাই। কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করছি, কিন্তু ‘হাও ফার, হাও লং?’ প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ একটি প্রতিবাদ ছিল বলেও তিনি জানিয়েছেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, মানবকণ্ঠ পত্রিকার মোহাম্মদ শহিদুল ইসলাম, এদিন পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ভোরের ডাক পত্রিকার সম্পাদক কে এম, বেলায়েত হোসেন, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, করতোয়া মোজাম্মেল হক, আগামীর সময় পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজ সম্পাদক আহসান হাবীব, দ্যা নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন প্রমুখ।
মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতি, সংসদে ও বাইরে বিরোধীদল হিসেবে জামায়াত যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে সে বিষয়গুলো তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা। আমরা ভালো কাজে সরকারকে সহযোগিতা করব, জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব- এই পলিসির ওপরই জামায়াত আছে। তবে এই বিরোধিতা হবে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক। এই বিষয়ে বিরোধী দলীয় নেতা সম্পাদকদের অবহিত করেছেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, বাংলাদেশের বিরাজমান রাজনীতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক- এগুলো নিয়ে জামায়াত আমিরের সঙ্গে সম্পাদকদের প্রশ্নোত্তর এবং মতবিনিময় হয়েছে। জামায়াত আমির জানিয়েছেন, প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে আমাদের পলিসির বিষয়টি রোববার ১১ দলীয় ঐক্যের বৈঠকে আলোচনা হয়েছে, সেটিই আমাদের পলিসি।
বিরোধী দলকে রাজপথে সহিংস না হয়ে গঠনমূলক বিরোধিতা করার এবং আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন বিভিন্ন সম্পাদকরা বলেও জানান জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, সম্পাদকেরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন। কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারে কোনো কোনো সম্পাদক আমাদের আমিরে জামায়াতের সহযোগিতা কামনা করেছেন। আগামী দিনেও এরকম সুযোগ পেলে তারা মাঝে মাঝে তাদের মতামত জানাবেন। দেশের সংবাদমাধ্যমের সঙ্গে কোনো ‘দূরত্ব’ রয়েছে বলে মনে করে না জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, সংসদে বর্তমান সরকারি দল ও বিরোধী দলের এমপিদের মধ্যে উন্নয়ন কাজে বরাদ্দে, বিলিবণ্টনে, এমনকি পার্লামেন্টের ফ্লোরে কথা বলতে দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার তথ্যগুলো তুলে ধরা হয়েছে। বিদ্যুৎ-গ্যাস সংকট, গণভোটের রায় কার্যকর করা, দ্রব্যমূল্য ও প্রবাসীদের অধিকার নিয়ে জামায়াতের ভূমিকা এবং স্পিকার বা সরকারি দলের পক্ষ থেকে ইনসাফপূর্ণ আচরণ না পেয়ে বৈষম্যের শিকার হওয়ার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে ।
এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে ১১ দলীয় ঐক্য তথা জামায়াতে ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, না হলে ৭০ ভাগ জনগণ যেখানে আছে আমরা সেখানেই চলে যাব।
জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























