সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এলে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে চব্বিশের অভ্যুত্থানে আহত ও নির্যাতিত জুলাই যোদ্ধারা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, তিনি সোনা মসজিদ বর্ডার দিয়ে আসুন, এয়ারপোর্ট দিয়ে আসুন অথবা বেনাপোল দিয়ে আসুন—তাকে স্বাগত জানানোর জন্য নির্যাতিত-নিপীড়িতরা প্রস্তুত থাকবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দুলু এসব কথা বলেন। আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে দুলু বলেন, সম্প্রতি তার এক বক্তব্যে শুনলাম, তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। আসার কথা বলে তিনি মূলত দেশবাসীকে ভয় দেখাতে চান। তার বোঝা উচিত, দেশের মানুষ ভয় পায় না। বরং তাকে স্বাগত জানানোর জন্য এ দেশের পঙ্গু ও চক্ষু হারানো জুলাই যোদ্ধারা অপেক্ষা করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় নাটোরে অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয় নাই। শেখ হাসিনাকে বলবো, আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে। তার দীর্ঘদিনের শাসনামলে দেশের রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুইপ দুলু বলেন, তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে হত্যাকারীরা ভেবেছিল এদেশের মানুষের মন থেকে বিএনপির ভালোবাসা মুছে ফেলবে কিন্তু সেটা সম্ভব হয়নি। আওয়ামী লীগ খুন, গুম নির্যাতন করে এদেশের মানুষের মন থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু মিথ্যা মামলা দিয়েই দেশান্তর করা হয় নাই, তাকে শারীরিক নির্যাতন করে তার হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি টিকে আছে এবং জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল প্রমুখ।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























