রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।
গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজ বাসার কাছে দুর্বৃত্তের গুলিতে আহত হন পলাশ। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পলাশের স্ত্রী হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ইমাম হোসেন ও ফেরদৌস নামে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























