বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা নিয়ে আজ বেইজিংয়ে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে দুদেশের অর্থনৈতিক কূটনীতিতে নতুন মোড়ের প্রত্যাশা করা হচ্ছে। তিস্তা প্রকল্পে সম্ভাব্য সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে বৈঠকে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার একটি সুস্পষ্ট রূপরেখাও তৈরি করতে পারে।
সফরের শেষ দিনে আজ বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দায়িত্ব গ্রহণের পর এটি চীনে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর এবং শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় কূটনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, বৈঠকটি শুধু বাংলাদেশ-চীন সম্পর্ক নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রেও নতুন বার্তা দিতে পারে। এই শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তি স্থানান্তর এবং মানবসম্পদ উন্নয়নÑ এই ছয়টি খাতকে কেন্দ্র করে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
বাংলাদেশ চীনের কাছ থেকে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিল্পায়ন ও রপ্তানিমুখী উৎপাদন খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে চায়। অন্যদিকে চীন দক্ষিণ এশিয়ায় তার অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। বৈঠকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সড়ক, রেল, বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন প্রকল্পে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের গতি, ঋণ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকগুলো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্পে গুণগত মান ও সময়মতো বাস্তবায়নের ওপর জোর দেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা নদী প্রকল্পও আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে। উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা, নদীভাঙন নিয়ন্ত্রণ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে এই প্রকল্প সরাসরি সম্পর্কিত।
সাম্প্রতিক সময়ে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জোরদার হয়েছে। ফলে তিস্তা প্রকল্পে অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে। নদী ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় থাকবে। এই সফরের অন্যতম প্রধান বার্তা হিসেবে ইতোমধ্যে উঠে এসেছে বিনিয়োগ আকর্ষণের কৌশল। বেইজিংয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ শিগগিরই চীনে প্রথম বিনিয়োগ অফিস স্থাপন করবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, কার্যকর ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক এবং রপ্তানিমুখী উৎপাদন কেন্দ্রগুলোয় চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি বৈঠকে বিশেষভাবে আলোচিত হতে পারে। চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের প্রধান ভিত্তি বাণিজ্য হলেও দুই দেশের মধ্যে এখনও বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি কমানোর বিষয়টি বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে। বাংলাদেশ চীনা বাজারে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর দাবি তোলা হতে পারে। একই সঙ্গে শুল্ক সুবিধা সম্প্রসারণ ও নতুন পণ্যের জন্য বাজার উন্মুক্ত করার বিষয়েও আলোচনা হতে পারে। অন্যদিকে বাংলাদেশ চীনা আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানি সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি সহযোগিতা চায়। বিনিয়োগের ক্ষেত্রে উৎপাদন শিল্পকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার দ্বার খুলতে চায় ঢাকা।
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে পরিবর্তনের কারণে অনেক চীনা প্রতিষ্ঠান এখন বিদেশে উৎপাদন কেন্দ্র স্থাপনে আগ্রহী। বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে চায়। বিশেষ করে শ্রমঘন শিল্প, ইলেকট্রনিকস, অটোমোবাইল যন্ত্রাংশ, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। সরকারের লক্ষ্য হলো চীনা বিনিয়োগকে উৎপাদনমুখী করে দেশে কর্মসংস্থান ও রপ্তানি আয় বৃদ্ধি করা। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বৈঠকে রাজনৈতিক ও কৌশলগত বিষয়গুলোও গুরুত্ব পাবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করে আসছে। সেই ধারাবাহিকতায় চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশল নিয়েই ঢাকা এগোচ্ছে। আজকের বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন সহযোগিতার বিষয়েও মতবিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ। পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎকেন্দ্রসহ বহু বড় প্রকল্পে চীনের অংশগ্রহণ রয়েছে। এসব প্রকল্প বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এখন বাংলাদেশের কৌশলগত লক্ষ্য হলো শুধু অবকাঠামো নয়, বরং প্রযুক্তি স্থানান্তর, উৎপাদন শিল্প এবং মানবসম্পদ উন্নয়নে চীনের সহযোগিতা বাড়ানো।
বিশ্লেষকদের মতে, আজকের বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিশেষ করে বিনিয়োগ, বাণিজ্য ভারসাম্য, প্রযুক্তি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। একই সঙ্গে এটি বাংলাদেশের বহুমাত্রিক পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে, যেখানে ঢাকা একদিকে বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ভারসাম্য রাখার চেষ্টা করছে, অন্যদিকে জাতীয় অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























