স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম।
সোমবার লেবার পার্টির এই নেতাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।
এক দশকের মধ্যে তিনি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। গত শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহ্যাম।
এদিন সকালে বাকিংহাম প্যালেসে গিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ের স্টারমার। এরপর অ্যান্ডি বার্নহামকে ডেকে সরকার গঠনের জন্য অনুরোধ জানান রাজা।
অ্যান্ডি বার্নহাম এমপি রাজার প্রস্তাব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিযুক্ত হওয়ার পর তার (রাজার) সাথে করমর্দন করেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাকিংহাম প্যালেস।
প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে যুক্তরাজ্যের নাগরিকদের জীবনযাত্রার ব্যয়ভার কমানোর আশ্বাস দিয়েছেন অ্যান্ডি বার্নহাম।
তিনি বলেন, “আমি যত পদক্ষেপ নিবো, তার কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষের সেবা।”
এক্ষেত্রে গৃহহীনদের থাকার জায়গার ব্যবস্থা করার বিষয়ে প্রথমে নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি।
সেইসঙ্গে, চলতি বছরের শেষের দিকে ব্রিটেনের জন্য ১০ বছর মেয়াদী একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলেও জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।
ব্রিটেনের অর্থনৈতিক স্থবিরতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অভিবাসন সংকটসহ নানা চ্যালেঞ্জের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
মাত্র দুই বছর আগে এক নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন কিয়ার স্টারমার
আজই নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























