ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হচ্ছে। সরকার যখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ ষড়যন্ত্র যেন সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমীন বলেন, গণতান্ত্রিক পরিবেশ থেকে যেন দেশ ছিটকে না পড়ে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের এই দিনটিকে একটি গোষ্ঠী কখনো মেনে নিতে পারেনি। ১৭ বছরের নিপীড়নের পর নতুন বাংলাদেশের যে অভ্যুদয় ঘটেছে, সেই বাংলাদেশ বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর বারবার ষড়যন্ত্র ও আঘাত এসেছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেদিন সিপাহি-জনতা রুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। গণতন্ত্রের পথ থেকে সরে যাওয়া দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার দায়িত্ব বারবার পালন করেছে যে দল, সেই দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ৭ নভেম্বরের অন্যতম নায়ক।
শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























