জার্মানিতে মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির কৌঁসুলিরা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক তরুণের বিরুদ্ধে উগ্র ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী হয়ে মুসলিমদের উপাসনালয়ে হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ রয়েছে।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের এসলোহে শহরের বাসিন্দা ওই তরুণ একজন শিক্ষার্থী। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জার্মানির একটি মসজিদে মুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন তিনি বলে সন্দেহ করা হচ্ছে।
ডুসেলডর্ফের জেনারেল প্রসিকিউটর কার্যালয়ের জ্যেষ্ঠ কৌঁসুলি আলেক্সান্দ্রা ভিসে ডব্লিউডিআরকে জানান, প্রাথমিক তদন্তে জার্মানির একটি মসজিদে হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে।
ওই তরুণের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে, এমন সহিংস অপরাধের প্রস্তুতি নেওয়ার সন্দেহে তদন্ত চলছে।
তদন্তকারীরা তার মধ্যে উগ্র ডানপন্থি মতাদর্শের বেশ কিছু আলামত পেয়েছেন। এর মধ্যে মুসলিমদের প্রতি বর্ণবাদী মনোভাবও রয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























