সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেছিলেন, নিন্দুকেরা বলে— একসময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ। এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া? আমরা এই বাংলাদেশ চাই না। সবার আগে বাংলাদেশ হলে প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট থাকতে হবে। এই বক্তব্যের জবাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গত বৃহস্পতিবার (১৮ জুন) আতিক মোজাহিদের সেই বক্তব্যের প্রেক্ষিতে শনিবার (২৭ জুন) সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের এই তিন মাসে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়াতে যায়নি। ১৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ এলজিআরডি বরাদ্দ গিয়েছে কুমিল্লা জেলায় ৩৯০ কোটি টাকা। এরপর নরসিংদী ২৬৩ কোটি টাকা, বাগেরহাট ২২৫ কোটি টাকা, সাত নম্বরে গোপালগঞ্জ ১৭৩ কোটি টাকা।
অভিযোগকারী এমপি আতিক মোজাহিদের জেলা কুড়িগ্রাম বরাদ্দ পেয়েছে ১৬৫ কোটি টাকা। বগুড়ার সিরিয়াল ১৬ নম্বরে, ১৪১ কোটি টাকা, সাতক্ষীরা ১৩৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বিগত ২০ বছর বগুড়া ছিল একেবারে অবহেলিত। দীর্ঘদিন বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী এক সময় বগুড়ার খোঁজ রাখতেন, কিন্তু এখন তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী। তাই বগুড়ার উন্নয়ন নিয়ে বগুড়ার এমপিরাই কথা বলবেন বলে জানান মীর শাহে আলম।
তিনি বলেন, আমরা বগুড়ার জন্য বেশি বরাদ্দ চাই না। শুধু ২০ বছরে অন্য ৬৩ জেলার সাথে বগুড়ার যে ঘাটতি রয়েছে, সেটা পূরণ করে দিলেই আমাদের আর কোনো কথা থাকবে না।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























