বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের আত্মবিশ্বাস দেখিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, লিওনেল মেসিদের ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়তে পারে তার দেশ।
ব্রিটিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেছেন, ‘আমি মনে করি কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব। কোন দলের প্রতি প্রত্যাশা কম থাকলেও যদি তাদের জয়ের প্রবল ইচ্ছা থাকে, তাহলে সবই সম্ভব। ছোট দেশ হিসেবে কেপ ভার্দের কাজই হল সবাইকে চমকে দেয়া। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ।’
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে এবং উরুগুয়ের হারে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে দলটি।
অন্যদিকে, গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে শেষ ৩২-এ উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচে দলের আট গোলের মধ্যে ছয়টিই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনাকে স্পষ্ট ফেবারিট ধরা হলেও নেভেস মনে করেন, এই ম্যাচই কেপ ভার্দের ভাগ্য লেখার সুযোগ। তিনি বলেছেন, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াই আমাদের নিয়তি। তাই একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই আমরা আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে মাঠে নামব।’

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























