মানুষের ইহকালীন জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই সংক্ষিপ্ত সময়ে দুনিয়াবি সফলতার পেছনে আমরা কত কিছুই না করি! কিন্তু যদি প্রশ্ন করা হয়, প্রকৃত সফল কারা? তবে একেকজন হয়তো একেক ভাবে উত্তর দেবেন। মানুষের তৈরি সফলতার মাপকাঠি একেক জনের কাছে একেক রকম হলেও, মহান আল্লাহ তাআলার কাছে সফলতার সংজ্ঞা একটু ভিন্ন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন : নিশ্চয়ই সে সফলতা লাভ করবে, যে পবিত্রতা অর্জন করে। (সূরা আল-আলা, আয়াত: ১৪)। এখানে পবিত্রতা বলতে মূলত মানুষের অন্তঃকরণ বা কলবের আত্মশুদ্ধিকে বোঝানো হয়েছে। অর্থাৎ, যারা তাদের অন্তরকে সুন্দর, পরিচ্ছন্ন ও পাপমুক্ত করেছে, তারাই প্রকৃত সফল। এখন প্রশ্ন হতে পারে কলব বা অন্তর সুন্দর রাখার অর্থ কী? কলব সুন্দর রাখার অর্থ হলো মানুষের মনকে যাবতীয় আত্মিক ও মানসিক ব্যাধি থেকে মুক্ত রাখা। এই ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হলো : হিংসা, বিদ্বেষ, লোভ-লালসা এবং অহংকার। কোনো বান্দা যদি নিজের অন্তরকে এসব কলুষতা থেকে মুক্ত করে বিশুদ্ধ করতে পারেন, তবেই তিনি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারেন।
অন্তর বিনষ্টকারী এই মানসিক ব্যাধিগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো অহংকার (আরবিতে-তাকাব্বুর)। অহংকার এমন এক জঘন্য আত্মিক রোগ, যা মানুষের ঈমান ও আমলকে এক নিমেষেই ধ্বংস করে দেয়, মানুষের চরিত্র বা আখলাককে কলুষিত করে। আপনি দেখতে সুন্দর হতে পারেন, উচ্চশিক্ষিত হতে পারেন কিংবা বিপুল সম্পদের মালিক হতে পারেন; কিন্তু আপনার মনে যদি অহংকার থাকে, তবে আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন : নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। (সূরা লোকমান, আয়াত: ১৮)।
অনেক সময় দেখা যায়, প্রচুর আমল করার কারণে কেউ কেউ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করতে শুরু করেন। এটিও অহংকারেরই একটি রূপ। এই আত্মদাম্ভিকতা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন : যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। (সহীহ মুসলিম)।
অহংকারের কারণে আল্লাহ তাআলা অনেক সম্মানিত সৃষ্টিকে এক লহমায় লাঞ্ছিত ও অপদস্থ করেছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ইবলিস (যাকে অনেকে আজাজিল নামেও উল্লেখ করেন)। সে ছিল জিন জাতির মধ্যে সবচেয়ে ইবাদতগুজার ও সম্মানিত। কিন্তু মহান আল্লাহ যখন তাকে আদম (আ.)-কে সেজদাহ করার নির্দেশ দিলেন, তখন সে অহংকারের বশবর্তী হয়ে আল্লাহর আদেশ অমান্য করল। সে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে বলল, ‘আমি তার চেয়ে উত্তম।’ এই অহংকারের কারণেই সে আল্লাহর চিরদিনের অভিশপ্ত ও লাঞ্ছিত শয়তানে পরিণত হলো।
আমাদের মাঝে অহংকার বিভিন্নভাবে প্রকাশ পায়, কখনো প্রকাশ্য আবার কখনো অত্যন্ত সুক্ষ্ম। অনেকে মুখে সরাসরি অহংকার প্রকাশ করেন। যেমন : ‘আমি তার চেয়ে কত ভালো,’ কিংবা কথায় কথায় বংশের বা ক্ষমতার দাপট দেখিয়ে বলে, ‘তুই আমাকে চিনিস? আমি কার ছেলে জানিস?’ ইত্যাদি। আবার অনেকে মুখে কিছু না বললেও তাদের হাঁটাচলা, শারীরিক অঙ্গভঙ্গি ও আচরণে অহংকার স্পষ্ট হয়ে ওঠে। তারা অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করেন। এক শ্রেণির মানুষের অহংকার মুখে বা আচরণে প্রকাশ পায় না, কিন্তু তা মনের গভীরে লুকিয়ে থাকে। তারা মনে মনে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে। সুযোগের অপেক্ষায় থেকে ভাবেন, কাল সকালে বুঝবি আমি কী জিনিস! কিংবা ‘পরে বুঝিয়ে দেব কত ধানে কত চাল।’ অন্তরের এই গোপন অহংকার ও হিংসাই সমাজে বড় বড় ফিতনা তৈরি করে।
আমাদের মনে রাখতে হবে, মানুষ হয়তো আমাদের অন্তরের খবর জানে না, কিন্তু মহান আল্লাহ অন্তরের সব গোপন রহস্যের খবর রাখেন। দুনিয়াতে সামান্য ক্ষমতাশালী বা প্রভাবশালী মানুষের প্রিয় পাত্র হওয়ার জন্য আমরা কত ত্যাগ স্বীকার করি, কত অন্যায় অবলীলায় করে ফেলি! অথচ যিনি পুরো মহাবিশ্বের মালিক, সেই আল্লাহর পছন্দের তালিকায় জায়গা পাওয়ার জন্য আমাদের অন্তরকে অহংকারমুক্ত রাখা সবচেয়ে বেশি জরুরি।
অহংকারের বিপরীত গুণ হলো বিনয় বা নম্রতা। বিনয় মানুষের চরিত্রকে সুশোভিত ও উজ্জ্বল করে। যারা অহংকারমুক্ত ও বিনয়ী জীবনযাপন করতে পারেন, তারাই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সম্মানের অধিকারী হন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। (সহীহ মুসলিম)। বর্তমান অস্থির সমাজে মানবিক ও নৈতিক গুণাবলী ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সামাজিক শান্তি ও পরকালীন মুক্তির জন্য আমাদের অহংকার ও আত্মম্ভরিতা পরিহার করে বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকারমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর একটি জীবন দান করুন। আমিন।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
অহংকারমুক্ত পরিচ্ছন্ন জীবনই প্রকৃত সফলতা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
- 1
Tag :
জনপ্রিয় সংবাদ



























