প্রকাশ্যে আনা হল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে জমকালো আয়োজনে উন্মোচন করা হয় জার্সি। বাংলাদেশের জার্সি আমাদের আরেকটা পতাকা, উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
নতুন জার্সি উন্মোচনের আগে তাবিথ আউয়াল বলেন, ‘জার্সির ব্যাপারে একটা কথা বলি। জার্সিটা কিন্তু আমাদের আরেকটা পতাকা। এই জার্সিটা নিয়ে আপনারা দেখেছেন যে ঢাকা স্টেডিয়াম, সিঙ্গাপুর স্টেডিয়াম, হংকং স্টেডিয়াম এবং সম্প্রতি সান মারিনোর স্টেডিয়ামে। মানে সবাই যখন একই সাদা জার্সি পরে বা একই লাল জার্সি পরে বা মহিলাদের ক্ষেত্রে একই গ্রিন জার্সি পরে স্টেডিয়ামে যায়, তখন এটা অবিশ্বাস্য যে ওই দেশে, ওই ফ্যানদের কাছে বাংলাদেশ একটা বড় দল হয়ে ওঠে।’
‘আমাদের আরেকটা বড় অস্ত্র হল আমাদের জনসংখ্যা। এই জনসংখ্যার কারণে অনেক দেশ এখন বাংলাদেশের সাথে খেলতে চায়। কারণ বাংলাদেশের সঙ্গে খেললে তাদের টিকিট বিক্রি বাড়ে, হসপিটালিটি বাড়ে। বাংলাদেশের মতো ক্রেজি ফ্যানস এখন পৃথিবীতে খুব কম আছে। বাংলাদেশ ফ্যানরা আগে ব্রাজিলকে এগিয়ে নিয়েছে— যা ব্রাজিল স্বীকার করে। আর্জেন্টিনাকে এগিয়ে নিতো— যা আর্জেন্টিনাও স্বীকার করে। এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের অনেক বড় পাওয়া।’
বাংলাদেশের ভক্তদের ভালোবাসার প্রতিদান দেয়ার কথায় বাফুফে সভাপতি জানান, ‘ভক্তদের প্রতি এই ভালোবাসার জন্য আমরা এই প্রতীক তৈরি করতে চাই, যেন জার্সিটা পরে ওনারাও গর্বিত হন। আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশী জাতীয় দলের একটা অংশ। এটা ছিল আমাদের উদ্দেশ্য।’
জার্সি বিক্রি নিয়ে তাবিথ আউয়াল আরও বলেন, ‘শুনেছেন যে সিঙ্গাপুরের মতো প্রখ্যাত দোকানে, সাউথ আমেরিকার মতো, ফিফা মিউজিয়ামে এখন প্রথমবারের মতো সরাসরি বাংলাদেশের জার্সির দেখা যায়, পাওয়া যায়। এখন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে বাংলাদেশের ভেতরে আরও এরকম রিটেইল আউটলেটে যেন বাংলাদেশের জার্সিটা পাওয়া যায়। আর খালি জার্সি না, পুরা কিট— ট্র্যাকস্যুট থাকবে, জুতা থাকবে, যা যা আমরা করতে পারি খেলাধুলার অংশে।’
‘আমরা সবসময় চেষ্টা করি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে স্থানীয় উদ্যোক্তাদের তুলে আনার জন্য। আপনারা জার্সি দেখছেন, কিছুদিন আগে আপনারা একটা এমওইউ দেখেছেন যারা লোকাল বুটস তৈরি করে, স্পোর্টস বুটস তৈরি করে— তাদেরকেও আমরা দিচ্ছি আপনারা এগিয়ে আসেন। যারা লোকাল লাগেজ তৈরি করে তাদেরও— কারণ আমাদের টিম যখন ভ্রমণ করে আমাদের ক্যারি-অন লাগেজ, সুটকেস, ব্যাকপ্যাক অনেককিছু লাগে।’

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























