কুমিল্লা নগরীতে যুবদল নেতা মো. আবু কাউছার হত্যা মামলায় প্রধান দুই অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদ ও তাঁর ভাই তানজীরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্বজনরা।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে নিহত কাউছারের ভাই কবীর হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন তৌহিদের বাবা খোরশেদ আলম, সাইফুল ইসলাম সুমন ও ফরহাদ হোসেন।
রবিবার বিকেলে তৌহিদ ও তানজীরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আরিফুল ইসলাম।
গত শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা নগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় দুর্বৃত্তদের হামলায় কুপিয়ে হত্যা করা হয় নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. আবু কাউছারকে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে তাঁর ভাই তানজীরকেও আটক করা হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























