ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রথম রংপুর সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি রংপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খবর বাসস’র।
এ দিন সকাল সাড়ে ৯টায় একটি সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
সকাল ১১টার দিকে তিনি রংপুরের পূজামণ্ডপে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাধা গোবিন্দ ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুন্ড, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ।
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের পথে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে রংপুর আসার পথে মহাসড়কের দুই ধারে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় গাড়ি থেকে হাত নেড়ে প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছার জবাব দেন। বিশেষ করে তারাগঞ্জ ও পাগলাপীরসহ যাত্রাপথের বিভিন্ন পয়েন্টে শত শত নেতাকর্মীর উপস্থিতি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এরপর প্রধানমন্ত্রী রংপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মসভা পূজামণ্ডপে প্রবেশ করে পুণ্যার্থী ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে সনাতন সম্প্রদায়ের সকল সদস্যকে শারদীয় শুভেচ্ছা জানান। রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন এবং সেখান থেকে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন।
এদিকে, উৎসবের পঞ্জিকা অনুযায়ী গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছিল। এরপর গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আগামীকাল ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের এই পাঁচ দিনের সর্ববৃহৎ শারদীয় উৎসবের।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























