পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সদস্য লর্ড হোসেন ও ইমরান হোসেন সাক্ষাৎ করেছেন।লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়।এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জ্বালানি খাতে সরকারের প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি সমান অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানান ব্রিটিশ সংসদ সদস্যরা।
একই সঙ্গে এ দেশের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ কামনা করেন তারা।উভয় পক্ষ রোহিঙ্গা সংকট সমাধানে এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























