চীনে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে করমর্দন ও কুশল বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতাদের সম্মেলনকে কেন্দ্র করে তাদের এই সাক্ষাৎ হয়। এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন দুই নেতা।
শেনজেনে পৌঁছানোর পর বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরের রানওয়েতে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক করমর্দন ও আলিঙ্গনের পর ট্রাম্প পরে পুতিনের সঙ্গেও করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।
বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও পুতিনের মধ্যে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এবারের সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন শীর্ষ নেতার বৈঠক। বৃহস্পতিবার প্রথমবারের মতো ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সরাসরি একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
যদিও বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি, তবে ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্যিক বিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি আলোচনায় আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে কোনো আনুষ্ঠানিক বা বিস্তারিত বৈঠক হয়নি। তারা শুধু পরস্পরকে অভিবাদন জানিয়েছেন।
বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই সম্মিলিত বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























