পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলেরঅভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা ড্রোন হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। তবে এই ড্রোন হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষও এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ইরানের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই হামলাটি মূলত যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র বীর নাবিকদের রক্ত এবং গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব হত্যার যথাযথ জবাব। বিবৃতিতে এই শীর্ষ কর্মকর্তাদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করে বলা হয়, ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনে অপরাধীরা পার পাবে না।
এর আগে গত ৪ মার্চ শ্রীলংকার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। মার্কিন ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন।
অন্যদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব। সেই ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় এই ড্রোন হামলা চালিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতার জানান দিল।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























