বাংলাদেশ জাতীয় সংসদে টানা নবম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।
গত বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেন তিনি। এর মধ্যে দিয়ে জাতীয় সংসদে সিলেটি অর্থমন্ত্রীদের বাজেট পেশের সংখ্যা হবে ২৯।
১৯৭২ সালে জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশের প্রথম বাজেট পেশের পর এ পর্যন্ত মোট ১৪ জন অর্থমন্ত্রী (অর্থ উপদেষ্টা ও সামরিক আইন প্রশাসকসহ) ৪৫টি বাজেট পেশ করেছেন।
অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে সিলেটের প্রয়াত সাইফুর রহমান, প্রয়াত শাহ এএমএস কিবরিয়া এবং আবুল মাল আবদুল মুহিত মিলে মোট ২৮ বার বাজেট পেশ করেছেন। বৃহস্পতিবার মুহিতের বাজেট পেশের মধ্য দিয়ে এ সংখ্যা ২৯ এ দাঁড়ালো।
বৃহস্পতিবার বিকেলে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী মুহিত। এটি দেশের ৪৬তম বাজেট। আর সংসদে মুহিতের নিজের একাদশতম বাজেট পেশ।
দেশে এখনও পর্যন্ত যতো অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, তন্মধ্যে সবাকে ছাড়িয়ে সিলেটের আরেক কৃতি সন্তান প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান। সংসদে তিন মেয়াদে ১২ বার বাজেট পেশের রেকর্ড তার।
জিয়াউর রহমান গণভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮০-১৯৮১ ও ১৯৮১-১৯৮২ অর্থবছরে পরপর দুইবার সিলেটের সন্তান সাইফুর রহমান বাজেট পেশ করেছিলেন।
১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে ১৯৯১-১৯৯২ অর্থবছর থেকে ১৯৯৫-১৯৯৬ অর্থবছর পর্যন্ত মোট ৫টি বাজেট পেশ করেন সাইফুর রহমান।
আর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান সিলেটের আরেক কৃতি সন্তান শাহ এএমএস কিবরিয়া। তিনি ১৯৯৬-১৯৯৭ অর্থবছর থেকে ২০০১-২০০২ অর্থবছর পর্যন্ত টানা ছয়টি বাজেট পেশ করেন।
২০০১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করে। এ মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে আবারো ২০০২-২০০৩ অর্থবছর থেকে ২০০৬-২০০৭ অর্থবছর পর্যন্ত ৫টি বাজেট পেশ করেন এম. সাইফুর রহমান।
২০০৯ সালে ক্ষমতা লাভ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতত্বাধীন মহাজোট সরকার। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।
তিনি ২০০৯-২০১০ অর্থবছর থেকে বর্তমান মহাজোট সরকার পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর গত ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত টানা ৮টি বাজেট পেশ করেন।
আজ ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশের মধ্য দিয়ে টানা নবম বাজেট মুহিতের। এ নিয়ে তিনি একাদশতম বার সংসদে বাজেট পেশ করেছেন।
মুহিত ১৯৮২-১৯৮৩ অর্থবছরে এরশাদের শাসনামলে প্রথমবারের মতো বাজেট পেশ করেছিলেন। পরে এরশাদের আমলেই ১৯৮৩-৮৪ অর্থবছরে আরেকটি বাজেট পেশ করেছিলেন তিনি।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























