সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষক বিউটি রানী পালের রিলস প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একটা মানুষ বাতাসের দাঁড়িয়ে গান শুনছে, এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? এটা নিয়ে কোনো কথা নেই।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “এইটা নিয়ে কোনো কথা হবে না। একজন মানুষ বাতাসের ভেতর দাঁড়িয়ে গান শুনছে—এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়েছি, আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা যদি বলেন, ‘এই, কথা বললে কেন? আলোচনা করি, চলো সমালোচনা করি তাহলে?”
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা-সমালোচনা আপনারা করেছেন ভাই, আপনারাই করছেন; এটা জনগণ বা অন্য কেউ করছে না।’
সম্প্রতি বৃষ্টির গানের সঙ্গে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি গোষ্ঠীর তোপের মুখে পড়েন সিলেটের স্কুলশিক্ষিকা বিউটি রানী পাল। ফেসবুকে তাকে নিয়ে ট্রল-হেনস্তা করছেন কেউ কেউ। এমনকি ভিডিও করার কারণে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ এই স্কুলশিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।
তবে এমন পরিস্থিতিতে বিউটি পালের পাশে দাঁড়ান তার সহকর্মীসহ নানা পেশার মানুষ। অভিনব পন্থায় বিউটি পালকে নিয়ে ট্রলের প্রতিবাদ জানান সারাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকসহ নানান পেশার মানুষ। বিউটি পালের সঙ্গে সংহতি জানিয়ে ফেসবুকে গানের সঙ্গে নিজেদের ভিডিও আপ করেন তারা।
বিউটি রানী পাল ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার (২৭ জুলাই) ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিউটি রানী পাল।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 






















