বাঙালী কণ্ঠ নিউজঃ নতুন তিন মুখ নিয়ে কাজ করবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি এমন ঘোষণাই দিয়েছেন তিনি। ঘোষণার ক’দিন পরই বাস্তবায়ন দেখা গেলো। ‘আগুন’ নামে নতুন ছবি করছেন শাকিব। আর এ ছবিতে নতুন নায়িকা হিসেবে থাকছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতু।
মিতু ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রযোগিতার প্রথম রানার আপ হওয়া ছাড়াও ২০১২ সালে বিজিএমইএ ইয়োলো ফ্যাশন ফেস্ট বিজয়ী হয়েছিলেন। এছাড়াও ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ীও হন তিনি। পরে দিল্লিতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।
বর্তমানে নাটকে অভিনয় ছাড়াও তিনি ক্রিকেট বিষয়ক বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপন করছেন।
‘আগুন’ ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। জাহারা মিতুকে চূড়ান্ত করার বিষয়টি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন তিনি। পরিচালক বলেন, ‘আমাদের চলচ্চিত্রে এখন নায়িকা সঙ্কট। তাই জাহারা মিতুর মতো মেয়েদের আমাদের সুযোগ দিয়ে তৈরি করে নিতে হবে। সে নাটকে অভিনয় করছে, উপস্থাপনা করছে। বেশ স্মার্টও। আশা করি চলচ্চিত্রে এলে সে ভালো করতে পারবে।’
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘আগুন’ ছবিতে চূড়ন্ত হয়েছেন মিতু। খাতা-কলমে চুক্তিও হয়েছে বলে জানান পরিচালক। চলতি মাসের ২১ বা ২২ তারিখে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিয়ে কথা হয় জাহরা মিতুর সঙ্গে। সমকাল অনলাইনকে মিতু বলেন, ‘এখনই কিছু বলতে চাইনা। পরিচালক আর নায়কই এ বিষয়ে জানাবেন। তবে সবার কাছে দোয়া চাই।’
জাহারা মিতুর রাজবাড়ীর মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিবিএ) ডিপার্টমেন্টে ভর্তি হয়েও শেষ করেনি কোর্স। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউইএফ) ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক শেষ করেন। পরে চীনের হন ঝো বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে স্নাতকোত্তর শেষ করেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান হিসেবে চাকরীও করেন মিতু।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























